হাওরে পৌষমেলা উদ্বোধন করলেন রাষ্ট্রপতির সহধর্মিণী
পৌষমেলা উদ্বোধন করলেন রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা হামিদ- সমকাল
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০৭:৫৪
কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে দুই দিনব্যাপী পৌষমেলা শুরু হয়েছে। বুধবার রাতে মেলাটির উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী রাশিদা হামিদ।
মিঠামইন উপজেলা হেলিপ্যাড প্রাঙ্গণে ঝলমল আলো-আঁধারির এক বর্ণিল পরিবেশে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালের উদ্যোগে এ পৌষমেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বাহারি পণ্যের পসরা ছাড়াও চিত্তবিনোদনের জন্য নাগরদোলা, পুতুল নাচ, চলচ্চিত্র অভিনেতা, কৌতুক অভিনেতাসহ দেশের সেরা বাউল শিল্পীদের সংগীত পরিবেশনের ব্যবস্থা রয়েছে।
মেলা উদ্বোধনকালে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতি পরিবারের সদস্য ও বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নুরম্ন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, নিকলী, করিমগঞ্জ, আজমিরীগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে আসা তিন শতাধিক ব্যবসায়ী বিভিন্ন রকমের দোকান সাজিয়ে বসেছেন। এছাড়া হরেক রকমের সুস্বাদু খাবার ও সামুদ্রিক মাছের সমাহার রয়েছে মেলাটিতে।
- বিষয় :
- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
- পৌষমেলা