ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
×

ফাইল ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১ | ০৪:৪৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ | ০৪:৪৮

টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় কিশোর নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদকে প্রধান করে বৃহস্পতিবার রাতেই এ কমিটি গঠন করেন গাজীপুরের জেলা প্রশাসক। কমিটির অপর দুই সদস্য হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফ উল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম। তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন পুর্ব থানার ওসি আমিনুল ইসলাম।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ভারতীয় এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়। নিহত কিশোরের নাম রিজ উদ্দিন (১৭)। সে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রিজ উদ্দিনের লাশ উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক রিজ উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। হেলাল উদ্দিন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের জানান, রিজ উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রিজ উদ্দিনকে কিশোরগঞ্জ জেলা থেকে মাদকের একটি মামলায় আটক করে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) রাখা হয়।

টঙ্গী পুর্ব থানার ওসি আমিনুল ইসলাম শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, শিশু নিবাসের একটি টয়লেটে লুঙ্গি ও গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে রিজ উদ্দিন আত্মহত্যা করেছে। তবে প্রকৃত ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন

×