ইসলামী অনুশাসন মেনে চললেই দেশ দুর্নীতিমুক্ত হবে: চরমোনাই পীর
চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম- ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১০:৫৩
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা না করায় দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদেরকে অবশ্যই ইসলামী অনুশাসন মেনে চলা এবং অনৈসলামিক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে।
চরমোনাইতে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে বুধবার সকালে ওলামা-মাশায়েখ মহাসমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চরনোমাই পীর বলেন, মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের সরকারি সিদ্ধান্ত দেশবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছে। এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করাসহ ভবিষ্যতে এমন কাজ না করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
চরমোনাই পীর আরো বলেন, সরকার তাদের ব্যর্থতা ও অপরাধ ঢাকতে সবকিছু গুজব বলে উড়িয়ে দিচ্ছে। একদিন তাদের পতনকেও গুজব বলে মিথ্যা প্রচারণা চালাতে হবে।
ওলামা-মাশায়েখ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, যুবনেতা কে.এম আতিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
বৃহস্পতিবার তৃতীয় দিন মাহফিল প্রাঙ্গণে সকাল ১০টায় ইসলামী শ্রমিক আন্দোলন এবং সকাল ১১টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ হবে। শুক্রবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
- বিষয় :
- চরমোনাই পীর