হকারদের কাপড় নিয়ে গেলেন মেয়র আরিফ
আরিফুল হক চৌধুরী -ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১০:৫৬
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ফুটপাতের হকারদের কাছ থেকে কাপড় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত পৌনে ৭টার দিকে নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের পাশের একাধিক হকারের কাছ থেকে তিনি জ্যাকেট, শার্ট ও গেঞ্জি নেন। কাপড় নিয়ে যাওয়ার ঘটনায় হকারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিজের গাড়িতে তুলে কাপড় নেওয়ার সময় বাধা দেওয়ায় দুজন হকারকে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ উঠেছে। মেয়রের সঙ্গে থাকা একজন কাপড়গুলো গাড়িতে তুলে আম্বরখানার দিকে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, দিনে রিকশা-গাড়ির জন্য সড়ক সংস্কার করা যায় না। আর রাতে হকাররা প্রায় পুরো রাস্তা দখল করে রাখে। তাদের জন্য উন্নয়ন কাজ বিঘ্নিত হচ্ছে। হকারদের 'শিক্ষা দিতে' তিনি কাপড় নিয়েছেন দাবি করে বলেন, জরিমানা দিয়ে ফেরত নেওয়া যাবে। অথবা নিলাম করা হতে পারে। তবে কাউকে মারধরের কথা অস্বীকার করেন তিনি।
নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের পার্শ্ববর্তী আল-হামরা শপিং সিটির সামনের ফুটপাতে পসরা সাজিয়ে বসা মুরাদ হোসেনের কাছ থেকে ১৫-১৬টি জ্যাকেট নিয়ে যান মেয়র আরিফ।
নগরীর সরকারি মহিলা কলেজের সামনের ফুটপাতে আফজাল হোসেন নামের আরেক হকার অভিযোগ করেন, মেয়র ২৫টি শার্ট ও ১১টি গেঞ্জি নিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক হয়ে মেয়র আরিফ যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় নেমে পড়েন। এসময় তিনি আল হামরা মার্কেটের সামনে হকারদের কাছে ফুটপাতে বসার কারণ জানতে চান। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মেয়রের সঙ্গে থাকা লোকজন কয়েকটি জ্যাকেট নিয়ে চলে যান।
- বিষয় :
- মেয়র আরিফুল হক চৌধুরী
- সিলেট