ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
×

দুর্ঘটনাকবলিত ট্রেন- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ২২:৩৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০০:৩২

সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর তা আবার চালু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজের অদূরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে লোকাল ৫৫১ আপ ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে।

ট্রেন বিকল হওয়ার খবর পেয়ে পশ্চিমাঞ্চল রেল বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সকাল পৌনে ১০টা পর্যন্ত ট্রেনটি আটকে থাকায় উভয় পাড় থেকে ঢাকা ও খুলনা, রাজশাহী ও ঈশ্বরদী থেকে কমপক্ষে ১০-১২টি ট্রেন আটকা পড়ে।

পরে দুর্ঘটনাস্থলের অদূরে জামতৈল স্টেশনে অপেক্ষমাণ একটি ট্রেনের সচল ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি ঠেলে সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ স্টেশনে নিয়ে যাওয়ার পর সোয়া ১০টার দিকে ট্রেন যোগাযোগ পুনরায় চালু করা হয়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আহসান উদ্দিন ভুইয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের অদূরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেনটির ইঞ্জিন আকস্মিক বিকল হয়। স্থানীয়ভাবে অন্য ট্রেনের সচল ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি ঠেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ ষ্টেশনে পাঠানো হয়।

তিনি বলেন,বিকল ইঞ্জিনসহ ট্রেনটি সরানোর কারণে প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কি কারণে দুর্ঘটনা ঘটল সেটি অনুসন্ধানের চেষ্টা চলছে।

এরআগে গত ১৪ নভেম্বর ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের উল্লপাড়া ষ্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনে আগুন ধরে আরও ৩টি বগিতে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

×