নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩০
নোয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে নূর মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকাল ১০টায় জেলা শহর মাইজদীর হরিনারয়ণপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ পশ্চিম রাজারামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি মাইজদীর হরিনারায়ণপুর এলাকায় পৌঁছলে নূর মোহাম্মদ নামের ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ।