জনগণের অধিকার নিশ্চিতে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্পিকার -সমকাল
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০১:২৪ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ | ০২:৫০
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবীরা হচ্ছেন সোশ্যাল আর্কিটেক্ট। জনগণের অধিকার ও বিচার সুনিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের কাজ করতে আহ্বান জানান।
রোববার রাতে রংপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও আইনজীবীদের কৃতী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি পেয়েছে লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু জাতিকে উপহার দিয়েছেন বিশ্বের অন্যতম সংবিধান। এই সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে।
এ সময় তিনি সংবিধানকে সমুন্নত রাখতে আইনজীবীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরে স্পিকার আইনজীবীদের কৃতী সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করেন।
রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, রংপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান, রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী, রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।