টেকনাফে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২
এই নারীর পেট থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে -সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৬
কক্সবাজারের টেকনাফে ৪৩ হাজার ৯৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তার মধ্যে আটক নারীর পেট থেকে ৩ হাজার ৯৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত হোসন আলীর ছেলে আব্দুল মজিদ (৩৯) ও ফরিদপুর জেলার নগরকান্দা ভাটিকামারী নিখরহাটি মোহাম্মদ মনির লিটনের স্ত্রী আছমা বেগম।
সোমবার দুপুর ১টার দিকে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ান সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন মেজর রুবায়াৎ কবীর।
লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, টেকনাফের সাতঘরিয়া পাড়ার আব্দুল মজিদের বাড়িতে ইয়াবার চালান মজুদ রাখার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযানে যায়। পরে তার বসত ঘরের পেছনে তল্লাশি চালিয়ে পলিথিনের একটি স্তুপ থেকে প্লাস্টিক মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, একই দিন দুপুরে টেকনাফ থেকে এক নারী ইয়াবা বহন করে ঢাকা নিয়ে যাবার খবরে বিজিবির আরেকটি দল হ্নীলার মৌলভী বাজারের নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এক নারীর চলাচলে সন্দেহ হলে থামিয়ে তল্লাশিকালে পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আল্ট্রাসনোগ্রামে তার পেটে অনেক ইয়াবা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে কৌশলে তার পেট থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৮৫ হাজার টাকা।
সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে থাকায় ইয়াবা পাচারকারীরা ধরা পড়ছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, কোনো মাদক ব্যবসায়ী ও পাচারকারী ছাড়া পাবে না। ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।