সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে: নৌবাহিনী প্রধান
নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী - সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৮
নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী নবীন নাবিকদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চ মনোবল ও সাহস নিয়ে একযোগে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
সোমবার খুলনার খালিশপুরে নৌবাহিনীর ২০১৯-বি ব্যাচের ৭৮৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় নৌবাহিনী প্রধান এ কথা বলেন। এ সময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতি নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে মো. জুয়েল রানা পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে 'নৌপ্রধান পদক' লাভ করেন। এ ছাড়া দ্বিতীয় মো. লিটন 'কমখুল পদক' এবং তৃতীয় মো. রবিউল হাসান 'তিতুমীর পদক' লাভ করেন।
নৌবাহিনী প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদান ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে নৌবহরে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং আধুনিক সামরিক সরঞ্জাম। অন্যদিকে অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হয়েছে নতুন নতুন স্থাপনা, আধুনিক নৌঘাঁটি, প্রশাসনিক ভবনসহ নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের মতো বৃহৎ ও উন্নতমানের প্রশিক্ষণ স্থাপনা।
অনুষ্ঠানে সহকারী নৌপ্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এবং খুলনা ও যশোর এলাকার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ছাড়াও নবীন নাবিক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।