নোয়াখালী জোনাল রেকর্ড রুম থেকে ৫ দালাল গ্রেফতার
নোয়াখালী জোনাল রেকর্ড রুমে দুদকের অভিযান -সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৭:০৫
দালালদের দৌরাত্ম্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালী জোনাল রেকর্ড রুমে ঝটিকা অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহম্মেদ জেলা প্রশাসক কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খাঁনকে নিয়ে অভিযানে যান। এ সময় রেকর্ড রুম থেকে পাঁচ দালালকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়নপুর মহল্লার মৃত নুরু মিয়ার ছেলে আবদুর রহিম, আবদুস সালামের ছেলে বাবলু মিয়া, আবদুল মান্নানের ছেলে মো. নুরুল ইসলাম, নুরুজ্জামানের ছেলে মনির হোসেন ও আবদুল গফুরের ছেলে সাইফুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক সুবেল আহম্মেদ বলেন, জেলার ৯টি উপজেলা থেকে জমির মালিকরা জমির পর্চা, খতিয়ান ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজের জন্য জোনাল রেকর্ড রুমে এলে দালাল চক্র তাদের জিম্মি করে কাগজ প্রতি ৩০০ থেকে ২ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা না দিলে হয়রানির শিকার হতে হয়। জোনাল স্যাটেলম্যান্ট অফিস ও জোনাল রেকর্ড রুম দালাল মুক্ত করতে দুদকের অভিযান চলবে।
- বিষয় :
- দুদক
- নোয়াখালী
- নোয়াখালী জোনাল রেকর্ড রুম