আবার বন্ধ করা হলো আরফিন টিলার প্রবেশপথ
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪৪
সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত পাথর কোয়ারি শাহ আরফিন টিলার প্রবেশপথ আবার বন্ধ করে দেওয়া হয়েছে। বিরান ভূমিতে পরিণত হওয়া টিলাটির অবশিষ্ট অংশ রক্ষা ও প্রাণহানী এড়াতে গত রোববার এর তিনটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
এ সময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য ও থানার ওসি সজল কুমার কানু উপস্থিত ছিলেন। দুই বছর আগে একইভাবে প্রবেশপথ বন্ধ ও লাল পতাকা টানিয়ে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছিল প্রশাসন।
এ প্রসঙ্গে ইউএনও সমকালকে বলেন, এরকম উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আরফিন টিলায় যান চলাচলের তিনটি পথের প্রবেশমুখে পিলার নিমার্ণ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনভাবেই অবৈধভাবে পাথর উত্তোলন করতে দেওয়া হবেনা। এ জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
গত ১০-১৫ বছর ধরে আরফির টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে একাধিক চক্র। কখনো ইজারার দোহাই দিয়ে, কখনো মালিকানা জায়গার কথা বলে বোমা ও লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন হয়ে আসছে। গত বছর পাথর উত্তোলন করতে গিয়ে গর্ত ধ্বসে একসঙ্গে ছয় পাথর শ্রমিকের মৃত্যুর পর হার্ডলাইনে যায় প্রশাসন। এর পরও একাধিক মৃত্যুর ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে সম্প্রতি একাধিক অভিযান চালিয়ে বোমা ও মেশিন শূন্য করা হয় টিলাটি। তারপরও একাধিক চক্র নানাভাবে মেশিন বসানো ও চুরি করে পাথর উত্তোলন করে বিক্রির চেষ্টা করে আসছে।
- বিষয় :
- শাহ আরফিন টিলা
- সিলেট