ফেসবুকে কটূক্তি করায় সিলেটে দুই ভাই জেলে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৮:১০
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিলেটে দুই সহোদর ভাইকে গ্রেপ্তারের পর জেলে পাঠিয়েছে পুলিশ। বিশ্বনাথ থানায় ৫৭ ধারায় দায়ের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তারা পলাতক।
অভিযুক্তরা হলেন- উপজেলার মীরগাঁও গ্রামের আবদুর রশিদের ছেলে আতিকুর রহমান (৩০) ও মুজিবুর রহমান (২৫)। সোমবার তাদের আদালতে তোলা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়। এরপর মাঝেমধ্যে ওই আইডি থেকে আবুল কালামসহ আওয়ামী লীগ নেতাদের ছবি বিকৃত করে টাইমলাইনে পোস্ট দেওয়া হতো। ২০১৮ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার ছবি বিকৃত করে মানহানিকর স্ট্যাটাস ও অশ্নীল ছবি পোস্ট করা হয়।
এরপর গত ৫ এপ্রিল ঢাকার সুপ্রিম কোর্টের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন আবুল কালাম। পরে মামলাটি বিশ্বনাথ থানায় এফআইআর করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।