পুলিশের অবহেলায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৫ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৯
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করার ঘটনা ঘটেছে। পুলিশের অবহেলায় এই ঘটনা ঘটেছে বলে আবুল হাশেমর পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিযোগ।
রোববার বিকেল ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে খবর পেয়ে মনোহরদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান বিষয়টি মনোহরদী থানা পুলিশকে জানান। সোমবার সকাল ১০টায় আবুল হাশেমের জানাজার সময় নির্ধারণ করে পরিবার। পরে থানার পরামর্শে জানাজার সময় এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় করা হয়। নির্ধারিত সময় সকাল ১১টা পেরিয়ে গেলেও থানা পুলিশের দলটিকে ফোন করা হয়। এ সময় তারা জানান, কাছাকাছি চলে এসেছেন। এরপর আরও আধঘণ্টা অপেক্ষা করে সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে আবুল হাসেমের মরদেহ দাফন করা হয়। এরপর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেখানে উপস্থিত হয় মনোহরদী থানা পুলিশের দলটি।
মনোহরদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান জানান, বারবার থানায় ফোন করার পরও পুলিশের এমন আচরণ একজন বীর মুক্তিযোদ্ধাকে অপমান করার শামিল। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, জানাজা শেষে কফিন জাতীয় পতাকায় ঢেকে, বিউগলে করুণ সুর বাজিয়ে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নিরবতা পালন করে মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি সম্মান প্রদর্শনের কথা।
চরমান্দালীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, শুধু পুলিশের অবহেলার কারণে একজন মুক্তিযোদ্ধা তার প্রাপ্য রাষ্ট্রীয় সম্মানটুকু পেলেন না। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা মর্মাহত ও লজ্জিত। এই বিষয়ে বক্তব্য জানতে মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান ভূঁইয়ার মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একজন মুক্তিযোদ্ধার জানাজায় পুলিশের রাষ্ট্রীয় সম্মান দেখাতে না পারার ঘটনাটি মিস কমিউনিকেশনের কারণে ঘটেছে। সবকিছু শুনে আমি মনোহরদী থানার ওসিকে ওই মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠিয়েছি। ওসি তাদের কাছে স্ব-শরীরে গিয়ে দুঃখপ্রকাশ করে এসেছেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু বলেন, বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে শেষ বেলায় রাষ্ট্রীয় সম্মান জানাতে না পারা দুঃখজনক।
- বিষয় :
- নরসিংদী
- মুক্তিযোদ্ধা