নড়াইলে ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাশরাফি
নড়াইলে ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাশরাফি বিন মুর্তজা- সমকাল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ১০:১৩
নড়াইলে একটি ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ২৫ লাখ টাকা ব্যয়ে ফিটনেস সেন্টারটি নির্মাণ করা হবে।
সোমবার নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠ-সংলগ্ন এলাকায় এ ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা এমপি এবং আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফির সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর মমিনুল ইসলাম, হেড অব করপোরেট কমিউনিকেশন মেহেজাবিন ফেরদৌস এবং নড়াইল এপপ্রেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক।
এ সময় মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, আইপিডিসির ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ সামস, ডিএমডি ও হেড অব রিটেল কায়সার হামিদ, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, নড়াইল এপপ্রেস ফাউন্ডেশনের সহসভাপতি শামীমুল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আইপিডিসির সৌজন্যে জেলার তৃণমূল পর্যায়ের ৭৫ ফুটবল, ক্রিকেট এবং ভলিবল খেলোয়াড়ের মধ্যে ৫ লাখ টাকার ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।