ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে প্রকাশনা সংস্থার প্রশ্নে পরীক্ষা

মনিরামপুরে প্রকাশনা সংস্থার প্রশ্নে পরীক্ষা
×

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ১০:২৯

যশোরের মনিরামপুরে পৌরসভা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষা বোর্ডের সরবরাহকৃত প্রশ্নের পরিবর্তে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। 

এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমবার ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করে তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়েছেন। জানা গেছে, গত ২৭ নভেম্বর থেকে মনিরামপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

গত বছরের মতো এবারও নবম শ্রেণির কৃষি শিক্ষা ছাড়া সব বিষয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের সরবরাহকৃত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা। পৌরসভা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির পরীক্ষা বোর্ডের প্রশ্নে নেওয়া হলেও অনিয়ম হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্ষেত্রে। এ দুই শ্রেণির সব পরীক্ষা নেওয়া হচ্ছে পাঞ্জেরীর প্রশ্ন দিয়ে। এমন অভিযোগ পেয়ে রোববার সপ্তম শ্রেণির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চালাকালে ইউএনও ওই বিদ্যালয়ে অভিযান চালান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদ হোসেন জানান, বর্তমানে ঢাকায় অবস্থান করার কারণে এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

পৌরসভা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও আহসান উল্লাহ শরিফী জানান, একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সরবরাহ করা সপ্তম শ্রেণির ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন জব্দ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার জানান, সোমবার এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করে তিন কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

আরও পড়ুন

×