বাগেরহাটে বাস চাপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৫২
বাগেরহাটের কচুয়ায় রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে বাইজিদ শেখ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কিসমত পিঙ্গুরিয়া (গাবতলা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিদ শেখ কিসমত পিঙ্গুরিয়া গ্রামের বাদশা শেখের ছেলে।
কচুয়া থানার এসআই হাবিবুর রহমান জানান, সকালে মোরেলগঞ্জের তুলাতলা এলাকার নানা বাড়ী থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে মায়ের সঙ্গে নিজ বাড়িতে যাচ্ছিল বাইজিদ শেখ। অটোটি সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কিসমত পিঙ্গুরিয়া (গাবতলা) এলাকায় পৌঁছলে বাইজিদের মা অটো ভাড়া দিতে ব্যস্ত হয়ে পড়েন। এসময় বাইজিদ রাস্তা পার হয়ে বাড়িতে যাওয়ার সময় মোরেলগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইজিদের মৃত্যু হয়। চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।