সুবর্ণচরে যুবকের সাহসিকতায় ধরা পড়ল অস্ত্রধারী ডাকাত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৮
মধ্যরাতে অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতি করতে যাচ্ছে একদল ডাকাত। যদিও শেষরক্ষা হল না তাদের। এক যুবকের সাহসিকতায় ধরা পড়ল ডাকাত দলের সদস্য, উদ্ধার হলো অস্ত্রশস্ত্র।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের জয় মার্কেট এলাকায় হাসান মাহমুদ বাপ্পি নামে এক যুবক জীবন বাজি রেখে অস্ত্রসহ ডাকাতকে পাকড়াও করেছেন। পরে ওই ডাকাতকে চরজব্বার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ডাকাত দলের সদস্য রিয়াজ (২৮) হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের মৃত আব্দুল আজিজের ছেলে। তার কাছ থেকে দুটি দেশীয় এলজি, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড গুলি, দুটি ছোরাসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হাসান মাহমুদ বাপ্পি সোমবার রাত সাড়ে ১২টার দিকে একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে অপরিচিত চারজনকে দেখে সন্দেহ হয়। তাদের পরিচয় জানতে মোটরসাইকেল থামাতে বললে তারা পালাতে থাকে। এ সময় মোটরসাইকেল থেকে একজন পড়ে গিয়ে দৌঁড়াতে থাকে। বাপ্পিও সেই লোকের পেছেন দৌঁড়াতে থাকেন। এ সময় ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে চলে যাওয়ার চেষ্টা করে। পরে বাপ্পি অস্ত্রধারী ওই ব্যক্তিকে জাপটে ধরেন। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তিও চলে। অস্ত্র থাকা সত্ত্বেও ওই ডাকাতকে জাপটে ধরে থাকে ওই সাহসী যুবক। ততক্ষণে স্থানীয়রা এসে ওই ডাকাতকে ধরে ফেলেন। কিছুক্ষণ গণধোলাই দেওয়ার পর চরজব্বার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুঃসাহসিক ঘটনায় ফেসবুকে প্রশংসায় ভাসছেন সাহাসী যুবক বাপ্পী।
চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটক ও পালিয়ে যাওয়া ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।