হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে দুর্নীতি তদন্তে দুদক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৫
হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল কলেজ ক্যাম্পাসে গিয়ে তদন্তকাজ শুরু করে।
এ সময় ২০১৭-১৮ সালে দরপত্রের মাধ্যমে কেনা যন্ত্রপাতি ও উপকরণ পর্যবেক্ষণ ও প্রতিটি জিনিসের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন তারা। অভিযানকালে কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে পাওয়া যায়নি। কলেজ সূত্রে জানা যায়, তিনি ১০ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন।
অভিযান পরিচালনাকারী দলটি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও একটি সূত্র জানায়, আগামী দু-এক দিনের মধ্যে সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরে বড় পরিসরে অভিযান চালাবে দুদক।
এর আগে গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য-শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব (নির্মাণ ও মেরামত অধিশাখা) আজম খানকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শেখ হাসিনা মেডিকেল কলেজে ২০১৭-১৮ অর্থবছরে দরপত্রের মাধ্যমে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটায় প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্য দেখানো হয়। দুর্নীতির বিষয়টি সমকালে প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়।
- বিষয় :
- শেখ হাসিনা মেডিকেল কলেজে
- হবিগঞ্জ