সমকালে সংবাদ প্রকাশ
রংপুরে ৬০ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার
উদ্ধারকৃত নকল ব্যান্ডরোল- সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৩
রংপুরে ৬০ লাখ টাকা মূল্যের বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। সোমবার জেলার হারাগাছে অভিযান চালিয়ে মেট্রোপলিটন পুলিশ এর সঙ্গে জড়িত দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি সমকালে এই সম্পর্কিত একটি সংবাদ প্রকাশের পর পুলিশ এ অভিযান চালায়।
মঙ্গলবার বিকেলে হারাগাছ থানায় সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান সাংবাদিকদের জানান, সমকাল এবং কয়েকটি টেলিভিশনে বিড়ির নকল ব্যান্ডরোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়ার সংবাদ প্রকাশ হলে প্রতারক চক্রকে গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে মেট্রোপলিটন পুলিশ। এরই অংশ হিসেবে সোমবার হারাগাছের পশ্চিম পোদ্দারপাড়া বাচ্চাটারী গ্রামের আবদুল জলিল ওরফে ব্যাঙ জলিল, গোলাপী বেগম, সৈয়দ আলী এবং মো. আক্তার ওরফে গালপোড়া আক্তারের বাড়ি থেকে সাত লাখ ৭০ হাজারটি নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ সময় এর সঙ্গে জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলের ব্যবসায় জড়িত থেকে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গ্রেপ্তারদের আইনের আওতায় নেওয়া হবে বলে জানানো হয়।
- বিষয় :
- রংপুর
- ব্যান্ডরোল
- বিড়ি