ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার

সীতাকুণ্ডে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০১:২৫ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ভাটিয়ারী হাটহাজারী লিংক রোড়ের ওভারব্রিজ এলাকার একটি লাউ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রফিকুল নাটোর জেলার সিংড়া থানার কুশুমদিকালিগঞ্জ এলাকার আনন্দপুর গ্রামের শুকলাল পারমলের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের রফিক সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন। 

নিহত রফিকের স্ত্রী উম্মে সালমা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তার স্বামী পাম্প মেশিন কেনার জন্য ঘর থেকে ২০ হাজার টাকা নিয়ে বের হন। এরপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (ইনটেলিজেন্স) সুমন বণিক বলেন, ‘ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। নিহতের ডিএনএ টেস্টের জন্য আলমত সংগ্রহ করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’ তিনি জানান, কী কারণে বা কারা রফিকুলকে গলা কেটে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×