ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

পিকনিকের বাসে ইয়াবার মামলায় গ্রেফতার শাহিন রিমান্ডে

পিকনিকের বাসে ইয়াবার মামলায় গ্রেফতার শাহিন রিমান্ডে
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৪

চট্টগ্রামে পিকনিকের বাসে ইয়াবা পরিবহনের মামলায় গ্রেফতার আবুল কাশেম ওরফে শাহিন নামের এক ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। শাহিন কক্সবাজারের রামু এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবার গডফাদার।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক কাজী এনায়েত কবীর বলেন, আবুল কাশেম ওরফে শাহিনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, ২ ডিসেম্বর সকালে কক্সবাজার থেকে শাহিনকে গ্রেফতার করে পিবিআই। তিনি ২০১৩ সালে কক্সবাজারে ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে হিল লাইন সার্ভিসে হেলপার হিসেবে চাকরি করতেন। বাসে হেলপারের চাকরির আড়ালে ডাকাত দলের সঙ্গে মিলে যাত্রীবাহী বাসে ডাকাতি করতেন শাহিন। এছাড়াও যাত্রীদের অপহরণ করে আদায় করতেন মুক্তিপণ। পরে বিষয়টি জানাজানি হলে হেলপারের চাকরি ছেড়ে দিয়ে সরাসরি ডাকাতিতে যুক্ত হন আবুল কাশেম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় একটি পিকনিকের বাস আটক করে র‌্যাব। ওই বাস থেকে ২৩ কেজি ইয়াবা উদ্ধার করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় আসামি করে বাকলিয়া থানায় মামলা করে। র‌্যাবের করা মামলার ৭ নম্বর আসামি শাহিন।


আরও পড়ুন

×