চট্টগ্রামে বিস্ফোরণ: নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন মেয়র
নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:০১
চট্টগ্রাম নগরের পাথরঘাটার ব্রিক ফিল্ড এলাকায় ভয়াবহ গ্যাসলাইন বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার দুপুরে চসিক মিলনায়তনে নিহতদের আটজনের পরিবারকে এক লাখ টাকা করে দেন তিনি। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, হাসান মুরাদ বিপ্লব, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কখনও পূরণ হওয়ার নয়। দুর্ঘটনার দিন নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিলাম। আজ তা বাস্তবায়ন হলো। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত সব কর্তৃপক্ষের পাশাপাশি ভবন মালিক ও ভাড়াটিয়াদের গ্যাস, বিদ্যুতের লাইনে লিকেজ আছে কি-না, তা নিয়মিত তদারক করতে হবে। এ বিষয়ে সবচেয়ে বেশি সচেতন হতে হবে ব্যবহারকারীদের।
মেয়রের পাশাপাশি বুধবার নিহতদের প্রত্যেক পরিবারকে পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। গত ১৭ নভেম্বর সকালে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ূয়া ভবনে ভয়াবহ গ্যাসলাইন বিস্ফোরণে আটজন নিহত ও ২০ জন আহত হন।
