রাজশাহীতে মালিককে খুন করে গরু চুরি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯ | ০০:১৪
রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় মালিককে হত্যা করে দুটি বাছুরসহ দুটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মজিদ। তিনি রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মৃত আব্দুল অজিজের পুত্র।
স্থানীয়রা জানান, নিহত আব্দুল মজিদ বাড়ির পাশের একটি খাস জমিতে খামার করে দুটি গাভী লালন-পালন করতে। পাশেই তার স্ত্রী ও তিনি একটি চৌকিতে শুয়ে থেকে রাতে পাহারা দিতেন। তবে বুধবার রাতে তার স্ত্রী সাথে ছিলেন না।
স্থনীয়রা ধারণা করে বলেন, বুধবার গভীর রাতে চোরেরা খামার থেকে গরু নিয়ে যাচ্ছিলো। এ সময় মালিক আব্দুল মজিদ দেখে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে গরু নিয়ে যায়।
রাজপাড়া থানার ওসি তদন্ত মেহেদি হাসান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
