চট্টগ্রামে তেলের ড্রাম বিস্ফোরণে ২ শিশু দগ্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:০২ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৬
চট্টগ্রামে তেলের ড্রাম বিস্ফোরণে দুই শিশু দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনির খাজা স্টোর নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুরা হলো- মো. ইফাত (৮) ও মো. মোবারক (৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া সমকালকে জানান, খাজা স্টোরে শীতে জমে যাওয়া তেল ঢাকনা বন্ধ রেখে ড্রামের নিচে আগুন দিয়ে গরম করা হচ্ছিল। এ সময় তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে গরম তেল দুই শিশুর গায়ে ছিটকে পড়ে। এতে তারা দগ্ধ হয়। উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক নারায়ণ ধর জানান, ইফাতের শরীরে ৬৮ শতাংশ এবং মোবারকের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
- বিষয় :
- তেলের ড্রাম বিস্ফোরণ
- দগ্ধ শিশু
- চট্টগ্রাম
