হাসপাতালে নবজাতককে রেখে উধাও মা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০২:৩২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৪
চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতালে ১৪ দিনের এক নবজাতককে রেখে পালিয়েছেন এক মা। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে ওই হাসপাতালে। খবর পেয়ে অনেক নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
হাসপাতালের জ্যেষ্ঠ নার্স মুক্তি রানী দাস জানান, ১৪ দিন আগে ওই হাসপাতালে নবজাতক কন্যাটির জন্ম হয়। এরপর চার দিন মা ও নবজাতক হাসপাতালেই ছিলেন। এরপর নবজাতককে নিয়ে তার মা হাসপাতাল ছেড়ে চলে যান। ৫ ডিসেম্বর রাতে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ওই নারী শিশুটিকে নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরদিন দুপুরে নবজাতককে হাসপাতালে রেখে মা পালিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদপুর সদরের শাহতলী গ্রামের নাম-ঠিকানা ব্যবহার করে ওই নারী হাসপাতালে ভর্তি হলেও সেখানে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
চাঁদপুর মডেল থানার এস আই রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি কিছুটা অসুস্থ হওয়ায় বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ জানান, অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশুটির শারীরিক অপূর্ণতা থাকলেও চিকিৎসা পেয়ে এখন সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। একজন মা তাকে বুকের দুধ খাওয়াচ্ছেন। এর মধ্যে নবজাতকের নাম রাখা হয়েছে নীলা।
চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এখনও শিশুটির অভিভাবেকের খোঁজ পাওয়া যায়নি। তার অভিভাবকদের খোঁজার চেষ্টা চলছে। তিনি জানান, রবিবার পর্যন্ত ৫০ জনেরও বেশি শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু এভাবে শিশু দত্তক দেওয়ার নিয়ম নেই।
তিনি আরও জানান, বিষয়টি জেলা শিশু কল্যাণ বোর্ডে উপস্থাপন করা হয়েছে। বোর্ড থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সে অনুযায়ী শিশুটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
