ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

দেশের শিল্পের সূতিকাগার চট্টগ্রাম: বিডা চেয়ারম্যান

দেশের শিল্পের সূতিকাগার চট্টগ্রাম: বিডা চেয়ারম্যান
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩০

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘দেশের শিল্পের সূতিকাগার চট্টগ্রাম। কেননা প্রখানে রয়েছে প্রধান সমুদ্রবন্দর। আমদানি-রফতানির ৯০ ভাগই এ বন্দর দিয়ে হয়। পোশাক রফতানি করতে এ বন্দরে আনতে হয়। অর্থনৈতিক উন্নয়নেও চট্টগ্রাম বন্দরের বড় ভূমিকা রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের শীর্ষ শিল্পমালিকরা চট্টগ্রামের। অনেক বড় শিল্পগ্রুপের কারখানাও হচ্ছে চট্টগ্রামে। তবে শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও এগিয়ে আনতে হবে। কমাতে হবে বন্দরের লিড টাইমও।’

রোববার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসার উন্নয়ন সহায়তা কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শঙ্কর রঞ্জন সাহা, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্ত্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।

মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ইজি অব ডুয়িং বিজনেসে বিশ্বব্যাংকের তালিকায় আমরা ১৬৮তম অবস্থানে এসেছি। ২০২১ সালে এটি ডাবল ডিজিটে নিয়ে আসতে চাই। তবে এজন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। বিদেশি বিনিয়োগে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে সমন্বিত ট্যুরিজম খাতের উন্নয়ন করা গেলে দেশের চেহারা পাল্টে যাবে। বিশ্বের অনেক দেশ এমনটি করেছে। বিদেশিরা নিরাপত্তা ও পলিসি সাপোর্ট চায়। ২০২১ সালে পদ্মা সেতু চালু হলে অর্থনীতির অদৃশ্য হাতে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম অনেক বেড়ে যাবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হলে কমে যাবে লিড টাইমও।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। চট্টগ্রাম ও ঢাকার উন্নয়ন মানে সারাদেশের উন্নয়ন নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি কর্মকর্তাদের অবদান, বেসরকারি খাতের যোগ্য নেতৃত্বের কারণে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তার সামগ্রিক স্বপ্ন ছিল সোনার বাংলা। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ লক্ষে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তবে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতাম।’

দেশে বেসরকারি খাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগ সহায়তা প্রদান এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে।

আরও পড়ুন

×