বাগেরহাটে মোটরসাইকেলকে চাপা দিল ট্রাক, এসআই নিহত
নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৯
বাগেরহাটে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাক চাপায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই রেজাউর রহমান নিহত হয়েছেন। রোববার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। রেজাউরের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামে।
প্রত্যক্ষদর্শী পুলিশের এসআই হাফেজ মো. নুর হোসেন বলেন, বেলা তিনটার দিকে কোর্ট থেকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে আদালত এলাকা থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন রেজাউর। এ সময় বাগেরহাট থেকে খুলনাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় রেজাউরের হেলমেট চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ট্রাকটির বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে।
বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের চাপায় আমাদের সহকর্মী রেজাউর রহমান নিহত হয়েছেন। আমরা ট্রাকটিকে জব্দ করেছি। তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকের চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়কে মৃত্যু
- বাগেরহাট
