ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫১ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৪
‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন এবং টিআইবির উদ্যোগে নানা আয়োজনে ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সকালে এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন অতিথিরা।
পরে ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক আবুল কালাম আজাদ, টিআইবি’র ফরিদপুরের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।
সভা শেষে ঢাকা ও ফরিদপুরের শিল্পীদের নিয়ে দুর্নীতিবিরোধী কনসার্টের আয়োজন করা হয়। এতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সদস্য, টিআইবি’র ইয়েস ও ইয়েস ফ্রেন্ড সদস্যসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
