ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বিজয় র‌্যালিতে হামলা ও সংঘর্ষ

সিরাজগঞ্জে বিএনপির ১৯০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জে বিএনপির ১৯০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬
×

বিজয় র‌্যালিতে হামলার একটি চিত্র- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৫

সিরাজগঞ্জ সরকারি কলেজ আয়োজিত বিজয় র‌্যালিতে হামলা এবং আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৯০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত রোববার রাতে সিরাজগঞ্জ সদর থানার এসআই জয়দেব কুমার সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় সরকারি কাজে বাধা, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি ও পুলিশকে মারধরের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও আবু সাঈদ সুইট, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস, জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

এদিকে, রোববারের হামলা ও সংঘর্ষের ওই ঘটনার পর শহরের হোসেনপুর, পুটিয়াবাড়ি ও গয়লা এলাকায় অভিযান চালিয়ে ইদলু সেখ, টিপু সুলতান, আনোয়ার হোসেন, শুভ সেখ, বিপ্লব সেখ ও সোহেল রানা নামে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, রোববার দুপুরে শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে পুলিশ কনস্টেবল রেজাউল করিমের শটগান থেকে অসতর্কতায় গুলি বেরিয়ে আহত হন আনসার সদস্য ওবাইদুল হক ও মতিয়ার রহমান। ওই ঘটনায় জেলা আনসার কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খুদা অভিযোগ দিলে রাতেই রেজাউল করিমকে পুলিশ সুপার কার্যালয় থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ মামলা, গ্রেপ্তারসহ এসব তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে, বিজয় র‌্যালিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে গতকাল সোমবার সকালে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন

×