ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সেই গৃহবধূকে পুলিশি নিরাপত্তা, গ্রেপ্তার হয়নি আসামিরা

সেই গৃহবধূকে পুলিশি নিরাপত্তা, গ্রেপ্তার হয়নি আসামিরা
×

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:০২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:০২

উল্লাপাড়ার আলোচিত চুল কেটে নির্যাতনের শিকার গৃহবধূর বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার গজাইল গ্রামে গৃহবধূর বাড়িতে পুলিশের একজন উপপরিদর্শকের নেতৃত্বে পালাক্রমে রোববার রাত থেকে পাহারা দেওয়া হচ্ছে।

সোমবার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উল্লাপাড়া মডেল থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ প্রমুখ গৃহবধূর বাড়ি পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহবধূর পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ এবং পরিবারের পূর্ণ নিরাপত্তা বিধানের ঘোষণা দেওয়া হয়। উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে গৃহবধূর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ২৫ নভেম্বর রাস্তায় বঁটি দিয়ে তার চুল কেটে দেয়। এ সময় তার আরও চার অনুসারী এ কাজে সহযোগিতা করে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া থানায় আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়ে ওই গৃহবধূকে রীতিমতো হুমকি-ধমকি দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। ফলে গৃহবধূ তার পরিবার নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছিলেন। প্রশাসনের হস্তক্ষেপে রোববার তারা বাড়ি ফিরে আসেন। রোববার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চে আইনজীবী ইশরাত হাসান চুল কেটে নির্যাতনের শিকার গৃহবধূকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিও ক্লিপ প্রদর্শন করেন। এ ঘৃণ্য ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ গৃহবধূর নিরাপত্তা বিধানের অনুরোধ জানান তিনি। পরে বিচারপতিদ্বয়ের বেঞ্চ ওই গৃহবধূর নিরাপত্তায় বুধবারের মধ্যে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়েছেন। আদালতের এই আদেশের পরই ওই গৃহবধূর নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন। 

উল্লাপাড়া মডেল থানার ওসি জানান, আসামিদের ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। যে কোনো মূল্যে তাদের গ্রেপ্তার করবে পুলিশ।

আরও পড়ুন

×