ময়মনসিংহ থেকে সব রুটে বাস বন্ধ
বাস ধর্মঘটের ফাইল ছবি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ২২:১০
অনিয়মতান্ত্রিকভাবে যত্রতত্র বিআরটিসির বাস থামিয়ে যাত্রী ওঠানোর প্রতিবাদে এবং বিআরটিসির বাস শ্রমিকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে সোমবার দুপুর থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।
এতে দুপুর ২টার পর নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী এনা ও সৌখিন সার্ভিসের কোনো বাস ছেড়ে যায়নি। একই সময়ে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকেও কোনো যানবাহন চলাচল করেনি। আকস্মিক এ পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা অভিযোগ করে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক না করে অনিয়মতান্ত্রিকভাবে যত্রতত্র বিআরটিসির গাড়ি চালাচ্ছে। বিআরটিসির দ্বিতল বাসগুলো সিটি করপোরেশনের অভ্যন্তরে চলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ডিপো, স্ট্যান্ড অথবা নির্ধারিত জায়গা ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানোর মাধ্যমে বিআরটিসির বাসগুলো নিয়মিত চলাচল করছে বিভিন্ন জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে।
জেলা প্রশাসক ও বিআরটিএ সভাপতি মিজানুর রহমান জানান, পরিবহন সংশ্নিষ্টদের নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করা হবে।
- বিষয় :
- বাস ধর্মঘট
- ফাইল ছবি
