মিছিল-সমাবেশের অনুমতি পায়নি রোহিঙ্গারা
রোহিঙ্গা ক্যাম্পগুলোর মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ১১:০৫ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ১১:০৮
নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের গণহত্যা মামলার শুনানি শুরু হতে যাচ্ছে মঙ্গলবার। এরই জেরে সোমবার কক্সবাজারের রোহিঙ্গারা ক্যাম্পে মিছিল-সমাবেশের অনুমতি চেয়ে সরকারের কাছে আবদেন করেছিল আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) নামের রোহিঙ্গা সংগঠন। তবে তাদের অনুমতি দেয়নি প্রসাশন।
সমাবেশের অনুমতি না পেলেও সোমবার রোহিঙ্গা ক্যাম্পগুলোর মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে রোহিঙ্গাদের অভিযোগ মিথ্যা দাবি করে অং সান সু চির সমর্থনে মিয়ানমারে বিভিন্ন স্থানে বৌদ্ধরা মিছিল-সমাবেশ করেছে বলে জানা গেছে।
সোমবার রাতে সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়, জেলা পুলিশ ও রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এআরএসপিএইচ-এর নেতারা।
তুমব্রু শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের নেতা দিল মোহাম্মদ বলেন, ‘সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে উখিয়ার কতুপালং, লম্বাশিয়া, সীমান্তের শূন্য রেখা, টেকনাফের শালবন, নয়াপাড়া, জামিদুরা, লেদাসহ বেশ কিছু ক্যাম্পের মসজিদ, স্কুল ও মাদ্রসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শত শত রোহিঙ্গা ও শিশুরা অংশ নেয়। ’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইবাল হোসেন বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পে মিছিল-সমাবেশের অনুমতি চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি। নেদারল্যান্ডসে বিচার নিয়ে যাতে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্টরা সর্তক রয়েছেন।’
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে একটি মামলা করে। গাম্বিয়াও গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশ। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর অল্প সময়ের মধ্যে রাখাইন ছেড়ে বাংলাদেশে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। আগে থেকে এদেশে অবস্থান করছিলেন আরও চার লাখ রোহিঙ্গা।
- বিষয় :
- টেকনাফ
- (কক্সবাজার
- আইসিজে
- গণহত্যা মামলা
