ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চা-বাগান থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

চা-বাগান থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
×

মৌলভীবাজারের কুরমা চা-বাগান থেকে ১২ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করা হয়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১ | ০৫:২৬ | আপডেট: ২২ জুন ২০২১ | ০৫:৪৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। সোমবার রাত ৮ টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমি থেকে সাপটি আটক করা হয়। পরে লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন রাত ১০ টায় অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধিন কুরমা বিটের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমিতে বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় তারা অজগরটির পেটের ভিতরে বড় কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করেন।  ধারণা করা হচ্ছে, বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি সাপটি পালাতে পারেনি। এ কারণে চা-শ্রমিকরা অজগরটিকে আটক করতে সক্ষম হয়।

স্থানীয় কুরমা বিট অফিস বিষয়টি জানতে পেরে শ্রীমঙ্গলের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেয়। পরে সোমবার রাত ১০টায় অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

লাউয়াছড়া রেঞ্জ কমর্কতা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, কুরমা এলাকায় চা-শ্রমিকদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগর সাপটিকে রাতেই উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। আমাদের ধারণা, ১০-১২ কেজি ওজনের একটি ছাগল খেয়ে ফেলেছে সাপটি। সেটা হজমের জন্য অজগরটিকে কিছুদিন সময় দিতে হবে।

তিনি আরও বলেন, সাপটির লেজে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে অজগরটি কিছুটা অসুস্থ। তাই কিছুদিন সাপটিকে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখে সুস্থ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন

×