উল্লাপাড়ায় গৃহবধূর চুল কাটা মামলার ৪ আসামি গ্রেফতার
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূর চুল কেটে দেওয়া মামলার অপর ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলার তাড়াশ উপজেলার নওগাঁ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উল্লাপাড়া সার্কেলের এএসপি গোলাম রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গজাইল গ্রামের মনছুর আলী, আবদুস ছালাম, নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম। এর আগে আলোচিত ওই মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ ১০ ডিসেম্বর সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিনই আবদুর রশিদের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুর রশিদকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের শনিবার সিরাজগঞ্জ আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ তার সহযোগীদের নিয়ে গত ২৫ নভেম্বর উপজেলার গজাইল গ্রামে রাস্তায় ওই গৃহবধূর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বটি দা দিয়ে তার চুল কেটে দেন। চুল কাটার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে তারা উল্লাস প্রকাশ করেন। ওই গৃহবধূ আওয়ামী লীগ নেতার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এমন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
