ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার
×

সাজ্জাদ হোসেন স্বপন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২৭

কুমিল্লা দক্ষিণ জেলা (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের এস এইচ ম্যানশন নামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার।

সাজ্জাদ হোসেন স্বপন ২০০৯ সালে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের অনুসারী। তিনি বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন সাজ্জাদ হোসেন। পরবর্তী সময়ে প্রকাশ্যে চলাফেরা ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এক সপ্তাহ ধরে কুমিল্লার বাসায় অবস্থান করছিলেন। পাঁচ দিন আগে নিজের ফেসবুক আইডিতে নেতাকর্মীদের সঙ্গে গ্রুপ ছবি পোস্ট করেন। গত বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হবে নাকি বঙ্গবন্ধুর ৩২ নম্বর? ডিজিটাল সার্ভে করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

পুলিশ সূত্র বলছে, নগরীর বাসায় অবস্থান করেই (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করেন সাজ্জাদ হোসেন। এ ছাড়া জেলায় একাধিক মিছিল আয়োজনের নেপথ্যে কাজ করছেন তিনি।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার সমকালকে জানান, সাজ্জাদ হোসেন কোতোয়ালি থানায় জুলাই আন্দোলনের একটি মামলার আসামি। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও একাধিক মামলা থাকতে পারে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

×