বিষপানে মা-মেয়ের মৃত্যু, ছেলে হাসপাতালে ভর্তি
ফাইল ছবি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:০৭
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে একই পরিবারের তিন সদস্য বিষপান করেছেন। এতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর বাবা মিলন মিয়াকে আটক করেছে পুলিশ। বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করেন মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন। গত বুধবার দুপুরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো– উর্মি বেগম (২২) ও তার মেয়ে মিম আক্তার (৫)। চিকিৎসাধীন রয়েছে আড়াই বছরের ছেলে আবির হোসেন। উর্মির স্বামী মিলন মিয়া পেশায় গাড়িচালক। তারা মাধবদী থানার কান্দাপাড়া এলাকার শেফালী বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে উর্মি ও তাঁর স্বামী মিলনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উর্মিকে জুতা দিয়ে বাড়ি দেয় মিলন। এরই জের ধরে উর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বেরিয়ে যায়। পরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে টয়লেট পরিষ্কারের হারপিক জাতীয় তরল পদার্থ পান করে উর্মি। দুই শিশু সন্তানকেও পান করায়। এতে তিনজনই অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অটোরিকশায় করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে নেওয়ার পর উর্মিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মিম ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আবিরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং সে বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী উর্মির স্বামী মিলন মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে নরসিংদী আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।