ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নদী-পুকুরে তলিয়ে প্রাণ গেল আরও পাঁচ শিশুর

নদী-পুকুরে তলিয়ে প্রাণ গেল আরও পাঁচ শিশুর
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে সোহান (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাত্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন সকালে মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে প্রাণ গেছে কনা খাতুন (২) নামের এক শিশুর। দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশু ও গাজীপুরের কালিয়াকৈরে বংশাই নদীতে নেমে আরেক শিশু মারা গেছে।

শিবগঞ্জে মারা যাওয়া সোহান উপজেলার উত্তর উজিরপুর সাত্তার এলাকার সেলিম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে পদ্মায় গোসলে নামে সোহান। এক পর্যায়ে তার হাত থেকে একটি প্লাস্টিকের বোতল পানিতে পড়ে যায়। সেটি তোলার চেষ্টা করলে গভীর পানিতে তলিয়ে যায় শিশুটি। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১৫-২০ মিনিট পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তর আহসান বলেন, তাদের কাছে আনার সময় শিশুটিকে মৃত অবস্থায় পান। এরপরও প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরে ইসিজি করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

খেলতে খেলতে পুকুরে
গাংনীতে মারা যাওয়া কনা খাতুন ছাতিয়ান মসজিদ পাড়ার কৃষক মামুন মিয়ার মেয়ে। তার নিকটাত্মীয় লিটন হোসেন বলেন, কনা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এ সময় অসাবধানে সে পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় তাকে খোঁজাখুঁজি করে পাননি স্বজনেরা। কিছুক্ষণ পর পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। এ ঘটনার অপমৃত্যুর মামলা হবে।

গফরগাঁওয়ে প্রাণ হারানো সাফা (৩) ও সাইফানা (৩) মামাতো-ফুপাতো ভাইবোন। সাফার বাবা পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলাম ও সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাইবোন। স্বজনেরা জানায়, শুক্রবার দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হচ্ছে।

এদিকে কালিয়াকৈর উপজেলার আটাবহ মরকাবহ এলাকায় বংশাই নদীতে গোসলে নেমে তাসকিন আহমেদ (৯) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তাসকিন আটাবহ শাহবাজপুর গ্রামের রতন মিয়ার ছেলে। সে শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

আটাবহ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, স্বজনরা শিশুটির দাফন করেছেন। তিনি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে বলেছেন।

[তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ; চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি] 

আরও পড়ুন

×