সিলেটে জালনোট এবং ইয়াবাসহ গ্রেপ্তার ২
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৬
সিলেটের ইসলামপুর থেকে দুই লাখ ৩৪ হাজার টাকার জালনোট এবং ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আটক করা হয়।
আটকরা হলেন-চাঁদপুর জেলা সতলা এলাকার হারুন গাজীর ছেলে সিরাজুল গাজী ও সিলেটের ওসমানীনগরের সাদিপুর এলাকার শাহাজাহান মিয়ার ছেলে শাহনুর আলম সাব্বির।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শনিবার সকালে জালনোটগুলো নিয়ে সিরাজুল ও শাহনুর একটি সিএনজিচালিত অটোরিকশায় জৈন্তাপুর উপজেলায় যাচ্ছিল। মেজরটিলা ইসলামপুরে পুলিশ গাড়ি দাঁড় করাতে সিগন্যাল দিলে তারা দু’জনে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে তাদের কাছ থেকে এক হাজার টাকার দুই লাখ ৩৪ হাজার টাকার জালনোট এবং ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, চাঁদপুর থেকে জালনোটগুলো সিলেট হয়ে সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সিলেট
