সিরাজগঞ্জে বিজয় র্যালিতে হামলা: বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৮
সিরাজগঞ্জে বিজয় র্যালিতে হামলা, পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও জানমালের ক্ষয়ক্ষতির মামলায় বিএনপি ও যুবদলের দু’নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও জেলা যুবদলের সহ-সভাপতি মিনহাজুল আবেদিন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের ধানবান্ধি মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আনিস আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সরকারি কলেজ আয়োজিত মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতার বিজয় র্যালিতে গত ৮ ডিসেম্বর এ হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে সরাসরি দায়ি করে আওয়ামী লীগ। এরই জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বলে দাবি তাদের। পুলিশ ওই ঘটনায় জ্ঞাত-অজ্ঞাত মিলে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৯০ জন নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে।