ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিলেট শহীদ মিনারে বই মেলায় কাপড়ের দোকান!

সিলেট শহীদ মিনারে বই মেলায় কাপড়ের দোকান!
×

বইমেলায় বসেেছ কাপড়ের দোকান- ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫০

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সপ্তাহব্যাপী বই মেলা। মেলায় বইয়ের দোকানের পাশাপাশি স্টল বরাদ্দ নিয়ে দিব্যি কাপড়ের ব্যবসা করছে একটি প্রতিষ্ঠান।

বইয়ের দোকানের সঙ্গে কাপড়ের দোকান বসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। শহীদ মিনারে 'বিজয়ের বইমেলা' নামে আয়োজনে পোশাক বিক্রির সমালোচনা করে অনেকেই শহীদ মিনার ব্যবহারে একটি নীতিমালা তৈরির দাবি জানিয়েছেন।

গত ৬ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী বিজয়ের বই মেলার আয়োজন করে বাংলার মুখ নামে একটি সংগঠন। এতে কাপড়ের দোকান দেখে অনেকেই বিষ্মিত হন। বিষয়টি স্বাধীনতার জন্য অপমানজনক বলেও অনেকে মনে করছেন।

মদনমোহন কলেজের শিক্ষার্থী আনোয়ার ইব্রাহীম বলেন, সকালে শহীদ মিনারে এসেছিলাম শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেখানে আসার পর বই মেলা দেখে শহীদ মিনারে প্রবেশ করি। সেখানে বইয়ের দোকানের পাশাপাশি দেখতে পেলাম কাপড়ের দোকান। দিব্যি ঝুলছে ব্লেজার। সেটি দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল।

শনিবার বিকেলে শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়, বইমেলার প্রথম দুটি স্টলজুড়েই স্যুট-কটির পসরা সাজিয়ে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল লেখেন, আর বোধহয় দেরি করা ঠিক হবে না। রুখতে না পারলে ভুগতে হবে। এখানে ব্যান্ডসঙ্গীত, ইংরেজি-হিন্দি গান, ইফতার, দোয়া কত কিছু হয়েছে। আজ ষোলকলা পূর্ণ করলো এই বস্ত্র ব্যবসা। আগামীতে বত্রিশ কলা পূর্ণ করবে, ফলমূল, তরকারি, পেঁয়াজ, আসবাবপত্রসহ যাপিত জীবনের প্রয়োজনীয় এবং বিলাসী পণ্যের হরেক রকম মেলা।

আরেক নাট্যকর্মী দেবজ্যোতি দেবু এ ব্যাপারে ফেসবুকে লিখেছেন, শহীদ মিনার প্রাঙ্গণে কাপড়ের দোকান! তাও আবার বইমেলায়! আয়োজক সুশীলগণের নাকের ডগায় ঝুলছে কাপড় আর নাম দিয়েছেন 'বইমেলা'!

সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিমফাক আহমদ মিশু লিখেছেন, আমরা শহীদ মিনার বাস্তবায়ন পরিষদকে সব বিষয়ে অবগত করেছি। আশাকরি বীর মুক্তিযোদ্ধা সদর ভাই ও শওকত ভাই যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে বইমেলার আয়োজক সংগঠন বাংলার মুখ'র মুখ্য নির্বাহী এনামুল মুনীরের সঙ্গে সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি মেলা শেষ হওয়ার আগে এ নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা সমকালকে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। বই মেলায় কাপড়ের দোকান এটি মেনে নেওয়া যায়না। আজ কাপড়ের ব্যবসা কাল দেখা যাবে কেউ আরো অন্য কিছু করছে। এটি বন্ধ করতেই হবে। একটি সুনির্দিষ্ট নীতিমালায় আনতে হবে শহীদ মিনার ব্যবহারকারীদের।

আরও পড়ুন

×