ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৭
সিলেটের বিশ্বনাথে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জামিল মিয়া (২২) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রাম থেকে তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেন ওই কিশোরীর স্বজনরা। এরপর রাতেই কিশোরী বাদী হয়ে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে ওই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামিল সুনামগঞ্জের ছাতক উপজেলার বউলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই গোপেশ দাস। তিনি জানান, আত্মীয়তার সুবাধে জামিল প্রায়ই ওই কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করত। শুক্রবার রাতে চুপিসারে এসে বাড়ির কারও সঙ্গে দেখা না করে হঠাৎ কিশোরীর ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালাতে চাইলে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।