ঈশ্বরদীতে চালু ব্রিটিশ আমলের পুরোনো হাট
এখানেই আবার বসছে সেই পুরোনো হাট- সংগৃহীত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৮
ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চালু হয়েছে ব্রিটিশ আমলের পুরোনো মানিকনগর হাট।
দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর এলাকাবাসীর আগ্রহে শুক্রবার থেকে আবার চালু হয়েছে এই হাট। এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার বসবে এ হাট।
স্থানীয়রা জানান, মানিকনগর হাটে আগে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পাওয়া যেত। দোকানি ও ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকত এই হাট। স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য ও সবজি এই হাটে উঠত। পরে হাট থেকে তা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হতো।
স্থানীয় প্রবীণ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ২০০৫ সালে বিএনপি শাসনামলে রাজনৈতিক দ্বন্দ্বে বন্ধ হয়ে গিয়েছিল হাটটি। সঠিক পরিচালনার অভাবে হাটের স্থায়ী ঘরগুলোও নষ্ট হয়ে গিয়েছিল। তবে এই হাটের ঐতিহ্য ফেরাতে উদ্যোগ নেয় এলাকাবাসী। নিজেদের উদ্যোগে পুরোনো ঘরগুলো মেরামত করা হয়।
তিনি জানান, এলাকার সব পর্যায়ের লোকজনকে নিয়ে হাটটি ফের চালু করতে আলোচনা সভা করা হয়।
হাটটি চালুর ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়। হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার
লক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আরিফ হোসেন মহলদারকে আহ্বায়ক এবং
রবি বিশ্বাসকে সদস্য সচিব করে একটি কমিটিও গঠন করা হয়।
ঈশ্বরদী নিয়ে গবেষণাকারী প্রবীণ মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, এই হাটটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত। কামাল আহমেদের লেখা 'ঈশ্বরদীর ইতিহাস' নামে একটি বইয়ে এই হাট সম্পর্কে উল্লেখ রয়েছে।
সলিমপুর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, হাটটি ফের চালু হওয়ায়
এলাকায় প্রাণ ফিরেছে।
