দিরাইয়ে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৪
সুনামগঞ্জের দিরাইয়ের কালধর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এলাইছ মিয়া (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি গ্রামের ওয়াহিদ উল্লার ছেলে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন। এর আগে রোববার এই সংঘর্ষের ঘটনায় গ্রামের আমির উদ্দিন নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ ১৩ জনসহ ২০ জন আহত হন।
স্থানীয়রা জানান, কালধর গ্রামের ফারুক মিয়া, মনু মিয়া ও আওয়াল মিয়ার কাছে থাকা গ্রামের উন্নয়ন ফান্ডের প্রায় ১০-১২ লাখ টাকা নিয়ে আমির উদ্দিনসহ গ্রামের অন্যদের বিরোধ চলে আসছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠক করলেও মিমাংসা হয় নি। এ বিরোধের জের ধরে রোববার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিতে আমির উদ্দিন নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ ১৩ জনসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। মঙ্গলবার এলাইছ মিয়া নামে গুলিবিদ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনার পর পরই রোববার ফারুক মিয়া নামের একজনকে বন্দুকসহ আটক করে আদালতে সোপর্দ করা হয়।
