এসপি পরিচয়ে টাকা হাতিয়ে গ্রেপ্তার প্রতারক
ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৬
পুলিশ সুপার (এসপি) পরিচয় দিয়ে পুলিশ সদস্যদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহাগ মাহমুদ বাপ্পী ওরফে রনি (৩১) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইবার পুলিশ বগুড়ার একটি টিম সোমবার রাতে তাকে ফরিদপুর জেলার রঘুনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত সোহাগ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুরিয়া এলাকার সালাউদ্দিনের ছেলে। তিনি সে ফরিদুপরের রঘুনাথপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বগুড়া সাইবার পুলিশের পরিদর্শক (ওসি) এমরান মাহমুদ তুহিন জানান, গ্রেফতারকৃত সোহাগ মাহমুদ রনি নিজেকে পুলিশের উর্ধতন কর্মকর্তা এসপি (আলফা-১) পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জেলার পুলিশ সদস্যদের নিকট প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এর ধারাবাহিকাতায় সে বগুড়া পুলিশ লাইন্সের আরআইকে (রিজার্ভ ইন্সপেক্টর) ২৮ অক্টোবর মোবাইল ফোনে নিজেকে পুলিশ হেড কোয়াটারের এসপি পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। পরে আরআই তাকে বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার টাকা পাঠায়। এক পর্যায়ে আরআই খোঁজ নিয়ে জানতে পারেন এটা প্রতারকের কাজ। তিনি এ বিষয়ে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা'র নিদের্শে সাইবার পুলিশের একটি টিম অভিযানে নেমে প্রতারক সোহাগকে গ্রেফতার করে।
ওসি বলেন, এ সময় সোহাগ মাহমুদ বাপ্পীর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়।
