ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজাকারের তালিকা সরকারের মনগড়া: নোমান

রাজাকারের তালিকা সরকারের মনগড়া: নোমান
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪২

রাজাকারের তালিকা সরকারের মনগড়া বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে বিএনপি নেতা নোমান বলেন, 'রাজাকারের তালিকা সরকারের মনগড়া। সরকার যদি মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজাকারের তালিকা করত, তাহলে কোনো অভিযোগ থাকত না। এই তালিকা সরকারের ষড়যন্ত্রেরই অংশ কিনা কে জানে?'

এদিকে, বিজয় দিবস উপলক্ষে গত সোমবার নগরীতে র‌্যালি করতে চাইলেও অনুমতি পায়নি বিএনপি। পরে অনুমতি নিয়ে মঙ্গলবার র‌্যালি ও সমাবেশ করে তারা। এ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর কাজীর দেউড়ি এলাকা ও নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সমাবেশে বিএনপি নেতা নোমান আরও বলেন, ৩০ তারিখের নির্বাচন ২৯ তারিখ হয়ে গেছে। ১৬ তারিখের বিজয় দিবস ১৭ তারিখে পালন করতে হচ্ছে আমাদের। বিএনপিকে যথাসময়ে বিজয় দিবসের অনুষ্ঠান পর্যন্ত করতে দিচ্ছে না এই সরকার। আজকের এই দিন কালো দিন হিসেবে গণ্য করা হবে।

প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, বিএনপিকে মিছিল করার অনুমতি দেয় না প্রশাসন। মুক্তিযুদ্ধের আগে ও পরে এমনকি এরশাদ সরকারের আমলেও প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নেয়নি। আমাদের মিছিলে পুলিশ হুমকি-ধমকি দেয়। আমাদের সময় দেওয়া হয় মাত্র ৫ মিনিট। ৫ মিনিটে কি একটা বিজয় মিছিল করা যায়? আজকে হয়তো পুলিশ প্রশাসন আরেকটি মামলা করবে। মামলাকে বিএনপির নেতাকর্মীরা ভয় করে না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে নগর বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন

×