সিলেটে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে হামলা
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:০২
ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে হামলা হয়। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় 'জয় বাংলা' স্লোগান দিয়ে হামলা চালানো হয় বলে ছাত্র অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন। হামলায় পরিষদের পাঁচ-ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে আমিনুল হক রুবেল নামে গুরুতর আহত একজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন শুরু হলে 'জয় বাংলা' স্লোগান দিয়ে লাঠিসোটা ও রামদা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা মানববন্ধনের জন্য আনা মাইক ও রিকশা ভাঙচুর করে। এরপর 'সিলেটের মাটি ছাত্রলীগের ঘাঁটি' বলে স্লোগান দিয়ে হামলাকারীরা চৌহাট্টার দিকে চলে যায়।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ভারতের এনআরসি নিয়ে প্রতিবাদ সমাবেশে ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়। হামলার প্রতিবাদে বুধবার নগরীর চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তিনি বলেন, ১০-১২ জন রাস্তার পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিল বলে শুনেছি। এ সময় কয়েকজন এসে তাদের সরিয়ে দেয়; যাকে ঠিক হামলা বলা যায় না।
- বিষয় :
- ছাত্র অধিকার পরিষদ
- সিলেট
- ভিপি নুরুল হক নুর
