ফ্যান কারখানায় আগুন, চার দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
সমকালের ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫১
গাফিলতির আগুনে ১০ শ্রমিক নিহতের চার দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি লাপারি নামে ফ্যান কারখানার মালিক কিংবা কোনো কর্মকর্তাকে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে নিহত শ্রমিক রাশেদের বাবার করা মামলার আসামিরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযানে নেমেও নিশ্চিত হতে পারছে না এজাহারভুক্ত আসামিরা কে কোথায় আছে। তবে শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে দাবি করছে পুলিশ।
গাজীপুর সদরের জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান ঢালীসহ খোরশেদ আলম, নাছির আহমেদ, ডা. জহিরুল ইসলাম ও শামীম ঢালীকে আসামি করা করে মামলা করা হয়েছে। দুর্ঘটনার পরদিন শ্রীপুর উপজেলার মারতা গ্রামের নিহত রাশেদের বাবা কামাল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। কারখানার জেনারেল ম্যানেজার ও প্রোডাকশন ম্যানেজারকেও আসামি করা হয়েছে। ঘটনার পর পরই তারা পালিয়ে যায়।
মামলার বাদী কামাল হোসেনের অভিযোগ, দোতলা ভবনের ছাদের ওপর টিনশেড ঘরে একটি মাত্র দরজা থাকার কারণে আগুন লাগার পরও তার ছেলেসহ অন্যরা বের হতে পারেননি। বিকল্প কোনো দরজা থাকলে তার ছেলে ও অন্যরা পুড়ে মারা যেত না। কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, কোনো রকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রেখে, পানির মজুদ না রেখে, জরুরি নির্গমনের ব্যবস্থা না করে কারখানাটি দীর্ঘদিন ধরে চলে আসছিল।
গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, দোষীরা অবশ্যই গ্রেপ্তার হবে এবং পুলিশের একাধিক টিম তাদের গ্রেপ্তারে মাঠে রয়েছে।
গত রোববার সন্ধ্যায় গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা গ্রামে লাক্সারি নামে একটি ফ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক পুড়ে মারা যান।
- বিষয় :
- ফ্যান কারখানায় আগুন
- গাজীপুর
