ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মুচলেকায় মুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মুচলেকায় মুক্তি
×

 নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় জাকির হোসেন (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে আটকের পর মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে তাকে সিভিল সার্জন কার্যালয়ে ডেকে এনে আটক করা হয়। জাকির হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।

জাকির হোসেন নিজেকে এমবিবিএস (এম) চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগরে চেম্বার খুলে রোগী দেখে আসছিলেন। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে সিভিল সার্জন ডা. শাহআলম বুধবার দুপুরে জাকির হোসেনকে তার সব কাগজপত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে আসতে বলেন।

বুধবার দুপুরে জাকির হোসেন সিভিল সার্জন কার্যালয়ে এলে সিভিল সার্জন ডা. শাহআলম তার কাগজপত্র যাছাই-বাছাই করে দেখেন তিনি ভুয়া চিকিৎসক। তিনি মেডিকেল থেকে পাস করা কোনো চিকিৎসক নন। বিএমডিসি কর্তৃক তার কোনো রেজিস্ট্রেশনও নেই।

পরে জাকির হোসেন নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে কখনও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেবেন না এবং বাংলাদেশের কোথাও প্র্যাকটিস করবেন না মর্মে অঙ্গীকার করে সেখান থেকে মুক্তি পান।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শাহআলম বলেন, জাকির হোসেন ভুয়া চিকিৎসক। তার বিএমডিসির কোনো রেজিস্ট্রেশনও নেই। তিনি ভবিষ্যতে দেশের কোথাও প্র্যাকটিস করবেন না এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে মুচলেকার মাধ্যমে অঙ্গীকার করে মুক্তি পান।

আরও পড়ুন

×