টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত
উদ্ধার করা অস্ত্র ও ইয়াবা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৯
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল করিম (৩৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা ডাকাতি ও মাদক কারবারেও জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার ভোরে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ট্যুরিস্ট পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, ১০ হাজার পিস ইয়াবা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি খালি খোসা উদ্ধার করা হয়।
নিহত করিম টেকনাফ হ্নীলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার ডি ব্লকের আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে থানায় খুন, ডাকাতি, অপহরণ ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব (এক্সবিএন) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে মাদক পাচারের জন্য টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকায় একদল ডাকাতের অবস্থানের সংবাদে র্যাবের একটি বিশেষ টহল দল সেখানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
- বিষয় :
- কক্সবাজার
- বন্দুকযুদ্ধ
- নিহত
