চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৬
গত দু’দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দিন দিন শীতের তীব্রতা বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বেলা বাড়লেও সূর্যের দেখা পাওয়া যায়নি। সেইসঙ্গে বইছে হিমশীতল বাতাস।
শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষদের।
এছাড়া প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। সড়কেও যানবাহন ও লোকজনের উপস্থিতি তুলনামূলক কম। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, পরপর তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তবে ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
এদিকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- সর্বনিম্ন তাপমাত্রা
